সাতক্ষীরা সদরের দক্ষিণ হাড়দ্দহ সীমান্তের ইছামতি নদী থেকে রিয়াজুল ইসলাম (৩০) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নদীতে তার লাশ পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে সীমান্তে ইছামতি নদীতে টহলরত ভারতীয় একটি ট্রলার ডুবে তার মৃত্যু হয়।

১৭ বিজিবির শাখরা টাউন শ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান জানান, রাতে হঠাৎ ঝড় ও প্রচুর বৃষ্টিপাত হয়। ওই সময় নদীতে বিএসএফের একটি ট্রলার অবস্থান করছিল। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নদীতে ডুবে যায়। রাতেই বিএসএফ অভিযান চালিয়ে ট্রলারের মাঝিকে খুঁজে পায়। তবে তাদের একজন সৈনিক নিখোঁজ ছিলেন। নদীতে তখন জোয়ার ছিল। সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও বিএসএফ সৈনিকের লাশ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ হাড়দ্দহ বালুরচরে পড়ে থাকতে দেখা যায়। তখন বিএসএফ উদ্ধার অভিযান পরিচালনা করে লাশটি নিয়ে যায়। নিহত বিএসএফ সদস্যের কাছে থাকা অস্ত্র উদ্ধার হলেও ওয়্যারলেস পাওয়া যায়নি।

সাতক্ষীরার নীলডুমুরস্থ ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা ও ভারত সীমান্তের নদীতে ট্রলারডুবির ঘটনায় এক বিএসএফ সদস্যের মৃত্যু হয়েছে। সেখানে বিজিবির স্থানীয় ক্যাম্পের সদস্যরা কাজ করছেন।