পিরোজপুর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি ফয়সাল আকনকে কুপিয়ে জখম করাকে কেন্দ্র করে পিরোজপুর উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরে ওই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে শুক্রবার রাতে পৌরসভাধীন উত্তর নামাজপুর গ্রামে বাড়ির সামনের একটি দোকানে অবস্থানকালে স্থানীয় মোফাজ্জেল আকনের ছেলে প্রজন্ম লীগ সভাপতি ফয়সালের উপর ধারালো অস্ত্র নিয়ে হামালা করে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত।

জানা যায়, শুক্রবার ফয়সালকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ফয়সালকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফয়সাল পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের কর্মী দাবি করে রাতেই শহরে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে রেজাউল করিমের সমর্থকেরা।

এরপর শনিবার সকাল সাড়ে ১১টায় শহরে তারা আরো একটি মিছিল বের করে। এ সময় মিছিল থেকে পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হাবিবুর রহমান মালেকের বিরুদ্ধে শ্লোগান দিলে মেয়য়ের কর্মী সমর্থকেরাও শহরে একটি পাল্টা মিছিল বের করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।