চট্টগ্রামের সাতকানিয়ায় আবদুল আজিজ (৪৭) নামে এক কৃষকের গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া তালতল ফেওগারকুল বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুল আজিজ নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম নলুয়া হদরকুল এলাকার মৌলানা আবদুল মজিদের ছেলে।
তার পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজিজ ভোর সাড়ে ৬টার দিকে নিজের ক্ষেতে কাজ করতে যান। যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তার স্ত্রীর মোবাইলে কল করে আবদুল আজিজের লাশ ক্ষেতে পড়ে আছে বলে জানানো হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবিত ভেবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আবদুল আজিজ ভাই আনোয়ার বলেন, ‘স্থানীয় রহিম নামের এক লোক আজিজকে মুমূর্ষু অবস্থায় দেখে আমাদেরকে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আজিজকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো জানান, এলাকার কিছু লোকের সাথে তাদের পূর্ব শত্রুতা ছিল। আজিজকে তারা একবার একটি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টাও করেছিল। হয়তো তারা তাকে একা পেয়ে হত্যা করেছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার জানান, পরিবারের পক্ষ থেকে আবদুল আজিজকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে দাবি করা হলেও আজিজের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করছি। লাশের সুরতহাল রিপোর্ট পাওয়ার পর হত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে।’



