ইরানে পবিত্র কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের হাফেজ বশির আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে হাফেজ বশিরকে সংবর্ধনা দেয় ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় মাদরাসাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুভূতি প্রকাশ করে হাফেজ বশির বলেন, আমি বাংলাদেশের পক্ষ থেকে ইরানে গিয়ে প্রথম হয়েছি। এর আগে আলজেরিয়ায় গিয়ে তৃতীয় হয়েছিলাম। আমাকে ছাত্রলীগ সংবর্ধনা দিয়েছে, এজন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সাদ্দাম হোসেন বলেন, ইরানের বৈশ্বিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১০টি দেশকে পেছনে ফেলে আমাদের লাল-সবুজের পতাকাকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছেন হাফেজ বশির আহমাদ। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। মাদরাসা শিক্ষাব্যবস্থা ও বাংলাদেশের ছাত্ররাজনীতির মধ্যে যে কালচারাল গ্যাপটি ছিল, সাংস্কৃতিক ব্যবধানটি ছিল এবং মেইনস্ট্রিম শিক্ষাব্যবস্থার সাথে যে পার্থক্য ছিল এই পার্থক্যকে ঘুচিয়ে দেয়ার জন্যে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি।

শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, যে যেখানে আর যেভাবেই পড়াশোনা করুক না কেন আমরা চাই সে যেন বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, গৌরবান্বিত মুকুট বয়ে নিয়ে আসবে। বশির আহমেদের মতো যারা ইসলামের প্রকৃত সৌন্দর্য মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান, ইসলামের প্রকৃত শিক্ষা অর্থাৎ সব ধর্মের প্রতি সহানুভূতি ও সকল মানুষের সাথে মিলেমিশে জীবনযাপনের শিক্ষা ছড়িয়ে দিতে চান ছাত্রলীগ সবসময় তাদের পাশে থাকবে। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১০ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সন্তান হাফেজ বশির আহমাদ। গত বুধবার অনুষ্ঠিত হওয়া ওই প্রতিযোগিতা শেষে শুক্রবার সকালে দেশে ফেরে বশির। এ সময় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান অগণিত মানুষ।