পাবনার সাঁথিয়ায় কাশিনাথপুর ফুলবাগান ও বাজারে অবস্থিত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে জেলা সিভিল সার্জন ও জেলা ভোক্তা অধিদফতর।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা সিভিল সার্জন ও জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক।
সিপিসি-২ পাবনার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন র্যাব-১২-এর সার্বিক সহযোগিতায়
সিভিল সার্জন ড. শহিদুল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার পাবনা জেলার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি কাশিনাথপুরে অবস্থিত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ফার্মেসী তে অভিযান পরিচালনা করেন।
অভিযানে সুজানগর উপজেলাধীন আহাম্মাদপুরের কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ সরবরাহ ও বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার সাথে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
এরপর সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর বাজারের সেবা মাল্টিকেয়ার হাসপাতালে অভিযান পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি অপারেশন থিয়েটার ও ল্যাব ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা ও সততা ডেন্টাল কেয়ারকে প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
পরবর্তীতে ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় মেসার্স পাইকারি ফার্মেসি অ্যান্ড সার্জিকেল ও নামিরা মেডিক্যাল হলকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমা জান্নাত ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।



