মৌলভীবাজারের বড়লেখায় প্রেমিকাকে চা বাগানে ঘুরতে নিয়ে বন্ধুরা মিলে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ঘটনায় সম্পৃক্ত সেলিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সে বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ পাড়িয়াবহর (জলঢুপ) গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। গত সোমবার রাতে শাহবাজপুর বাজার এলাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার করেন।
উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ডালিম উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান কান্দিগ্রামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বেড়ানোর কথা বলে চা বাগানে নিয়ে বন্ধুরা মিলে ধর্ষণ করে। এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি ধর্ষিত তরুণীর মা পাঁচজনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। এর পর পুলিশ প্রেমিকসহ দুই ধর্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর নব গোপাল দাশ জানান, প্রধান আসামি মাহমুদুল হাসান ও তার বন্ধু আল আমিনকে গ্রেফতার করা হয়। তদন্তে ধর্ষণ ঘটনার সাথে বিয়ানীবাজারের সেলিম উদ্দিনের সম্পৃক্ততা পাওয়ায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।