ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার ঝিকরা দুলুয়া গ্রামের হারুন উর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে ছয় শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামের শামসুল হকের ছেলে তরিকুল ইসলাম (৪০) এবং এক‌ই গ্রামের সামসুউদ্দিনের ছেলে আবু সাঈদ (২৪)।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ছয় শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরো বলেন, তাদেরকে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকের নিকট হাজির করা হলে সংশ্লিষ্ট আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।