ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের কাজী মোতাহার হোসেন ভবন ও কেদ্রীয় শহীদ মিনারের মাঝের রাস্তায় গতি নিরোধক স্থাপন, জেব্রা ক্রসিং দেয়া ও পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে অনুষদের শিক্ষার্থীরা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অনুষদের সামনে মানববন্ধন করে তারা। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে তারা কাজী মোতাহার হোসেন ভবন এবং শহীদ মিনার-সংলগ্ন সড়কে পর্যাপ্ত গতি নিরোধক স্বাপন, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে পর্যান্ত জেব্রা ক্রসিং স্থাপন, সড়কের শৃঙ্খলা রক্ষার্থে সড়ক বিভাজক স্থাপন এবং নিয়মিত ট্রাফিক গার্ডের ব্যবস্থা করার দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, কাজী মোতাহার হোসেন ভবেনে প্রায় পাঁচটির বেশি বিভাগ রয়েছে এবং এই বিভাগগুলোর শত শত শিক্ষার্থীদের প্রতিনিয়ত মৃত্যু ঝুকি নিয়ে শহীদ মিনার-সংলগ্ন রাস্তা পারাপার হতে হয়। এই রাস্তাগুলো অনেকটা প্রশস্ত হলেও পর্যাপ্ত জেব্রা ক্রসিং এবং গতি নিরোধকের অভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকা মেডিক্যাল কলেজ এবং বুয়েট-সংলগ্ন হওয়ায় এই রাস্তাগুলো দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকে।
শিক্ষার্থীরা আরো বলেন, কাজী মোতাহার হোসেন ভবনসংশ্লিষ্ট শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর রাস্তা পারাপারে ঝুকির বিষয়টি সমাধান করার জন্য আমরা তিনটি দাবি তুলে ধরছি। আমরা প্রত্যাশা করছি, আমাদের মৃত্যুঝুকির বিষয়টি বিবেচনায় নিয়ে ভিসি জরুরি ভিত্তিতে আমাদের দাবি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
তারা বলেন, শহীদ মিনারের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় আমরা অনেকেই ইতোমধ্যে বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হয়েছি। এই নিয়ে অনেক সময় আলোচনা হলেও কোনো ফলাফল আসেনি। ক্যাম্পাসের যেসব বাসগুলো এনেক্সের অপজিটে থামে, সেখানের স্টুডেন্টদেরকে অনেক ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। তাই আমরা ভিসি স্যার এবং প্রক্টর অফিসে স্মারকলিপি প্রদান করেছি। তারা বলেছে আগামী এক সপ্তাহের মধ্যেই এই বিষয়টির সমাধান করবেন।



