বগুড়ার কাহালুতে অপহরণ মামলায় ভোর রাতে এক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমন্তাহার পোড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার মুরইল গ্রামের আবু সাঈদের ছেলে মুরইল ইউপি সদস্য সিহাব উদ্দিন শেখ (৩৫), একই উপজেলার সমন্তাহার পোড়া পাড়ার নান্নু প্রামাণিকের ছেলে আলম প্রামাণিক (১৯) ও মুরইল গ্রামের নাছির উদ্দিন শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (৫০)।

জানা যায়, অপহরণ মামলার আসামিদেরকে গ্রেফতার করে এবং অপহৃত আমিনূল ইসলাম (৩৬) উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণকারীদের কাছ হতে একটি ছোরা, লোহার এঙ্গেল, দুটি কাঠের লাঠি, লোহার প্লাস, চারটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, স্বাক্ষর করা ব্যাংকের ছয়টি ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প উদ্ধার করা হয়।

মামলার বাদি হালিমা বেগম (৩৩) তার অভিযোগে উল্লেখ করেন যে ব্যবসা-সংক্রান্ত বিরোধের জের ধরে তার স্বামী আমিনুল ইসলামকে গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে একটি সন্ত্রাসী দল কাহালু পৌর এলাকার সারাই বাজার হতে অপহরণ করে নিয়ে যায়। আমিনুল এ সময় কাহালু হতে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় কাহালু থানায় গ্রেফতার তিনজনসহ নয়জনের নাম উল্লেখ করে ১৪ জনের নামে একটি মামলা হয়।

মামলার পর কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজার দিক নির্দেশনায় পুলিশের তৎপরতায় অপহরণের ৬ঘণ্টার মধ্যে ভিক্টিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।