গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মো: আজিজুর রহমান একজন জনবান্ধব ও পরিশ্রমী সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। নিজের সততা ও দক্ষতায় তিনি পাল্টে দিয়েছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক চিত্র। সরকারি ও বেসরকারি প্রতিটি দফতরের কর্মকাণ্ডে ফিরে এসেছে গতিশীলতা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেয়ার পর থেকেই উপজেলা প্রশাসনকে কিভাবে ঢেলে সাজানো যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আজিজুর রহমান। তার যোগদানের পর উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে এসেছে। যোগদানের পর থেকেই উপজেলার পিছিয়ে পড়া প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। কোনো অনিয়মের অভিযোগ পেলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়াসহ উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের সেবায় জনগণকে সচেতন করা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে হতদরিদ্র মানুষের সাহায্যার্থে ব্যবস্থা নেন তিনি।
খাস জমিতে প্রভাবশালীদের দখলে থাকা জামালপুর ইউনিয়নের চুপাইর গরুর হাট প্রশাসনের হেফাজতে নিয়েছেন। হাটের খাজনার টাকা এখন জমা হচ্ছে সরকারি কোষাগারে। মানুষের খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় রেখে কৃষি জমির মাটি কাটা বন্ধে জেল, জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে। মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকায় সরকারী সেচ প্রকল্পের পানি সরবরাহের ড্রেন স্থানীয় প্রভাবশালীদের হাত থেকে দখলমুক্ত করে এলাকার প্রায় ৪০০ কৃষকের ৩০০ বিঘা জমিতে শীতলক্ষা নদী হতে সেচের ব্যবস্থা করাসহ প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করেছেন। ইউএনও মো: আজিজুর রহমান প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখায় স্বীকৃতিস্বরূপ গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও সম্মাননাও পেয়েছেন।
এ সব বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোস্তফা মিয়া বলেন, সরকারের একজন উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আজিজুর রহমান তার অসাধারণ প্রতিভা ও কর্মদক্ষতা দেখিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে কালীগঞ্জের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে আজিজুর রহমান বলেন, আধুনিক ও স্মার্ট কালীগঞ্জ গড়তে আমি আমার নৈতিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছি। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সব সময় আমার কাজে সহযোগিতা করছেন। ২০২৩ সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন আজিজুর রহমান।
কালীগঞ্জে জনবান্ধব ইউএনও আজিজুর রহমান
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মো: আজিজুর রহমান একজন জনবান্ধব ও পরিশ্রমী সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। নিজের সততা ও দক্ষতায় তিনি পাল্টে দিয়েছেন কালীগঞ্জ...



