পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের তাড়া খেয়ে মো: হালিম মৃধা (৪৫) নামে এক ঠিকাদার তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এর আগে, বুধবার দিবাগত রাত ১টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর এলাকায় এ ঘটনা ঘটে।

হালিম মৃধা পৌর শহরের ওই সবুজনগর মহল্লার আব্দুল মন্নান মৃধার ছেলে।

সরেজমিনে জানা গেছে, হালিম মৃধার কাছে অপর এক ঠিকাদার মো: নূরুজ্জামান এর টাকা পাওনা ছিল। এ ঘটনায় ঠিকাদার নূরুজ্জামান আদালতে তার বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা করেন। ওই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। বুধবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ হালিম মৃধাকে গ্রেফতারের অভিযান চালায়। এ সময় হালিম একই মহল্লায় বোন রুমি বেগমের বাসায় অবস্থান করছিলেন। পরে গোপনে সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি (হালিম) তিনতলা ভবনের ছাদে উঠে যান। পুলিশও ভবনের ছাদের দিকে তাকে তাড়া করে। তবে এরপর কি ঘটেছে তা কেউ নিশ্চত করে বলতে পারছেন না।

এ বিষয়ে হালিম মৃধার মেজ ভাই মামুন মৃধা অভিযোগ করে বলেন, ‘পুলিশ রাত দেড়টার দিকে আমার বাসায় এসে আমাকে বলে, আপনার বোনের বাসার পিছনে কি যেন পড়ার শব্দ হইছে দ্রুত চলেন। পুলিশ আমাকে ভবনের পিছনে নিয়ে যায়। পরে সেখানে বেড়ের ভেতর ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখি। এ সময় তার হাত-পা ভাঙা ও মুখমণ্ডলে রক্ত জখম দেখে আমি অজ্ঞান হয়ে যাই।’

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, তার নামে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ঘটনার সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যেতে পারে। অন্য কোনো ঘটনা থাকলে তদন্ত করে দেখা হবে।’

ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।