ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলো থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার-সংলগ্ন দেয়ালের পাশ থেকে এটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে শাহবাগ থানা পুলিশের সহায়তার নবজাতককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, হঠাৎ দেয়ালের অপর পাশে রাস্তা কিছু একটা পড়ার শব্দ পান বাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা। তারা এগিয়ে দেখেন একটি ব্যাগ পড়ে আছে। তারা ভয় পান যে বোমা বা অন্যকিছু কিনা। পরে লাঠিজাতীয় কিছু দিয়ে একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে। পরে তারা আমাকে খবর দেয়।
বাংলোর কেয়ারটেকার বলেন, আমি গিয়ে দেখি বীভৎস অবস্থা। দেখার মতো না। কোনো স্বাভাবিক মানুষ এটা সহ্য করতে পারবে না। দেয়ালের অপর পাশ থেকে কেউ এটা ছুঁড়ে দিয়েছে। ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় অনেকেই তো রাস্তায় চলাচল করে। পরে আমরা পুলিশকে খবর দেই। তারা এসে লাশ নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, বাইরে থেকে এটা ভেতরে ফেলে দেয়া হয়েছে। ওই জায়গা টা অনেক ফাঁকা। দেয়ালের একদম কাছাকাছি একটা জায়গায় এটা পাওয়া গেছে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটাই দেখতে পেয়েছি।



