ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি বাংলো এলাকা থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রোকেয়া হল স্টাফ কোয়ার্টারসংলগ্ন দেয়ালের পাশ থেকে এটি উদ্ধার হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান নিশ্চিত করেছেন। পরে শাহবাগ থানা পুলিশের সহায়তার লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দেয়ালের অপর পাশে রাস্তা কিছু একটা পড়ার শব্দ পান বাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা। তারা এগিয়ে দেখেন একটি ব্যাগ পড়ে আছে। তারা ভয় পান যে বোমা বা অন্য কিছু কি না। পরে লাঠিজাতীয় কিছু দিয়ে একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে।
বাংলোর কেয়ারটেকার বলেন, আমি গিয়ে দেখি বীভৎস অবস্থা। দেখার মতো না। কোনো স্বাভাবিক মানুষ এটি সহ্য করতে পারবে না। দেয়ালের অপর পাশ থেকে কেউ এটি ছুড়ে দিয়েছে। ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় অনেকেই তো রাস্তায় চলাচল করে। পরে আমরা পুলিশকে খবর দেই। তারা এসে লাশ নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, বাইরে থেকে এটি ভেতরে ফেলে দেয়া হয়েছে। ওই জায়গাটা অনেক ফাঁকা। দেয়ালের একদম কাছাকাছি একটা জায়গায় এটি পাওয়া গেছে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে এটিই দেখতে পেয়েছি।