রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে দু’জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা যায়। নিহত ও আহত নির্মাণশ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি শহর থেকে একদল নির্মাণশ্রমিক কাপ্তাই উপজেলায় ঢালাইর কাজে যায়। সেখান থেকে কাজ শেষ করে ঢালাইয়ের কাজের ব্যবহৃত মেশিনসহ মিনিট্রাকযোগে (গাজীপুর ন-১১-০২১০) রাঙ্গামাটি উদ্দেশে রওয়ানা হয়। এ সময় পথে ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রিজে উঠার সময় মিনিট্রাকটি অন্তত ১০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয় এবং কমপক্ষে ২০ জন আহত হয়।

দুর্ঘটনার খরব পেয়ে স্থানীয় এলাকাবাসী, ঘাগড়া আর্মী ক্যাম্পের সেনাবাহিনী, কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

রাত ৯টায় এ রির্পোট লেখার সময় নিহত ও আহত নির্মাণশ্রমিকদের তাৎক্ষণিকক পরিচয় পাওয়া যায়নি।