চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ভয়াবহ আগুনে ১৩টি পরিবারের সাতটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার ভোর রাতে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ডের মেম্বার হারুনর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে একটি বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিসেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বরাত স্থানীয়রা আরো জানায়, এ সময় ভয়াবহ আগুনে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের হাজির পাড়ায় সাতটি বসতবাড়ির ১৩টি পরিরবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে সকালে উপজেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।



