পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি রেকর্ডীয় খালে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ রেখে চলছে প্রভাবশালীদের মাছের চাষ। এতে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানি সঙ্কটে কয়েক শ’ একর জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা এলাকার কৃষকরা।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার চরবয়ড়া গ্রামের সরকারি রেকর্ডীয় ডাঙার খালে চার চারটি বাঁধ দিয়ে ক্ষমতাসীন যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ জামান ঘের বানিয়ে মাছ চাষ করছেন। তার দেখাদেখি এলাকার প্রভাবশালী ব্যবসায়ী সাঈদ মৃধার অর্থায়নে খালের অগ্রভাগে বাঁধ দিয়ে দ্বিতীয় ঘের তৈরি করে মাছ চাষ করা হচ্ছে। এছাড়াও ডাঙার খালে পর পর একাধিক বাঁধ দিয়ে ঘের করায় বিপাকে পড়েছেন সাধারণ কৃষকরা।
শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের কৃষক হানিফ গাজী অভিযোগ করেন, ডাঙার খালে ৩-৪টি বাঁধ দেয়ায় বর্ষা মৌসুমে ক্ষেতের পানি আটকে থাকে। বৃষ্টির পানিতে তলিয়ে রোপা আমনের ফসলহানি ঘটে। আবার শুষ্ক মৌসুমে পানি শূন্যতায় রবি ফসলের ক্ষতি হয়। এ সমস্যা নিরসনে জরুরি ভিত্তিতে বাঁধ কেটে খাল খুলে দেয়ার দাবি করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, খালে বাঁধ দিয়ে আটকে রাখায় কৃত্রিম জলাবদ্ধতা এবং শুকনো মৌসুমে চরম সেচ সঙ্কট সৃষ্টি হওয়ায় ফসল আবাদে বাধাগ্রস্ত হচ্ছে। আর এতে কৃষকরা প্রতি বছর কাক্সিক্ষত ফলন পাচ্ছেন না। তাই যত দ্রুত সম্ভব বাঁধ অপসারণ করে জোয়ার ভাটার পানির প্রবাহ স্বাভাবিক করা দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।