কুমিল্লার চান্দিনায় স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূ।
শনিবার (২ মার্চ) সকাল ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের তেতুইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার ওই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি বরুড়া উপজেলার মোহাম্মদপুর (লোনা) গ্রামে। তার স্বামী মিজানুর রহমান মালয়েশিয়া প্রবাসী।
নিহতের মা রহিমা বেগম জানান, আমার মেয়ে সুমাইয়াকে গত পাঁচ মাস আগে পাশ্ববর্তী বরুড়া উপজেলার লোনা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের সাথে বিবাহ দেই। বিয়ের পর থেকেই স্বামীর সাথে মনোমালিন্য চলছিল তার। আমার মেয়েকে সন্দেহ করে মোবাইল ফোনে প্রায়ই খারাপ আচরণ করত মিজান। শনিবার সকাল ১০টায় ভিডিও কলে কথা বলা অবস্থায় আমাদের বসতঘরের ফ্যানের সাথে গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে সুমাইয়া।
নিহতের পরিবারের সদস্যরা আরো জানায়, প্রবাসী স্বামী মিজান অন্য নারীর সাথে সম্পর্ক চলছে, দেশে থাকা অবস্থায় সুমাইয়াকে সামনে রেখে, মিজান তার প্রেমিকার সাথে প্রায়ই কথা বলত। এই আত্মহত্যার বিষয়টি ক্ষতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন তারা।
এ ঘটনায় নিহতের স্বামী মো: মিজানুর রহমানের সাথে হোয়াটসএ্যাপ ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোনো কথা না বলে ফোন কেটে দেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, ভিডিও কলে রেখে আত্মহত্যার বিষয়টি এখনো নিশ্চিত নই। তদন্ত চলছে, ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম থানায় একটি অপমৃত্যু মামলা করেন।



