শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসানের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ব্যাঙতলী চৌরাস্তা মোড়ে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বিপ্লবের বাবা কাবিল মিয়া, নানী চমক ফুল, বিদ্যালয়ের পরিচালক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ মজিবর রহমান, রাসেল, সহপাঠী তানিয়া, লায়লা প্রমুখ। বক্তারা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং-এর হামলায় বিপ্লব হাসান ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় বিপ্লবের বাবা কাবিল মিয়া বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন।