ফরিদপুরের সালথার এসকেন সরদার (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুরের সালথার দক্ষিণ আটঘর গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে বিশু শেখ, একই গ্রামের ফজলু সরদারের ছেলে বিকুল সরদার, পাশের পুটিয়া গ্রামের বারেক মাতুব্বরের ছেলে কামরুল মাতুব্বর, একই গ্রামের আরমান মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর ও জয়কাইল গ্রামের মরহুম খোরশেদ ফরাজীর ছেলে আলম ওরফে সাধু ফরাজী।

ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ ডিসেম্বর ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নের জয়কাইল এলাকার একটি ফসলের মাঠে কৃষক এসকেন সরদারকে কুপিয়ে হত্যা করে মাঠের মধ্যে গলায় মাফলার পেঁচিয়ে ফেলে রাখা হয়। কৃষক এসকেন দক্ষিণ আটঘর গ্রামের মরহুম মজিদ সরদারেরর ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিবার সালথা থানায় একটি হত্যা মামলা করে। ঘটনার দীর্ঘ ৭ বছর পর এ রায় দিল আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌশলী (পিপি) নওয়াব আলী বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।