পাবনায় মাদক মামলায় জনি শেখ (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩ মার্চ) দুপুরের দিকে পাবনার বিশেষ জজ আদালতের সিনিয়র জেলা জজ আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

জনি শেখ পাবনা সদর উপজেলার গাছপাড়ার আ: বারেকের ছেলে।

এছাড়া আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে একবছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ১০০ বোতল ফেনসিডিল রাখার দায়ে তাকে এই সাজা দেয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও র‌্যাব-১২-এর অভিযানে জনির নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিফিলসহ তাকে আটক করা হয়।

মামলার আসামি পক্ষে আইনজীবী ছিলেন আতিকুল ইসলাম সাগর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক।