ফরিদপুরের সালথার এসকেন সরদার নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- ফরিদপুরের সালথার দক্ষিণ আটঘর গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে বিশু শেখ, একই গ্রামের ফজলু সরদারের ছেলে বিকুল সরদার, পাশের পুটিয়া গ্রামের বারেক মাতুব্বরের ছেলে কামরুল মাতুব্বর, একই গ্রামের আরমান মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর ও জয়কাইল গ্রামের মৃত খোরশেদ ফরাজীর ছেলে আলম ওরফে সাধু ফরাজী।