বীর মুক্তিযোদ্ধা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন অর রশিদ। তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি তৈমুর রহমানের অস্ত্রোপচার হয়। তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং দেশে ফেরার প্রস্তুতিও নিচ্ছেলেন। কিন্তু হঠাৎ তার মৃত্যুর খবর এলো। তিনি দুই মেয়ে ও তিন ছেলের জনক ছিলেন। তৈমুর রহমানের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতারা শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।