বরিশালের উজিরপুরে দুই কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার সকালে উপজেলার ইচলাদী টোলপ্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদককারবারিরা হলেন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মোস্তফা কাজির ছেলে মেহেদী হাসান (৩০) ও তার সহযোগী মিলন রাড়ী (২৮)।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইচলাদী টোল প্লাজার সামনে থেকে জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) সুদেব হাওলাদার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে আরো জানা গেছে, তাদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর আহম্মেদ জানান, ‘অভিযুক্ত মাদককারবারিদের বিরুদ্ধে মামলা হয়েছে।’
অভিযুক্তদের জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।



