ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ট্রাক্টরের চাপায় শায়ান সরকার (১১) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় মো: সালাউদ্দিন সরকার নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের নবীনগর পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়ান সরকার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সালাউদ্দিন সরকারের ছেলে। এছাড়া ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সালাউদ্দিন সরকার নবীনগর পৌর এলাকার নবীনগর পশ্চিম পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ছেলেকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে সালাউদ্দিন সরকার নিজ কর্মস্থল ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে রওনা দেন। পথে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের নবীনগর পৌর এলাকার নারায়নপুর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক্টরের চাপায় বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শায়ানকে মুত্যু বলে ঘোষণা করে এবং সালাউদ্দিন সরকারের হাত-পা ভেঙে গিয়ে গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে ট্রাক্টর চাপায় নিহত স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে এবং শিক্ষক সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ট্রাক্টরচালক নারায়নপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শাহ আলমকে ট্রাক্টরসহ আটক করা হয়েছে।’

এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।