ঝিনাইদহের কালীগঞ্জে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২০) নামের এক নসিমনচালকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে বাবরা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাহাবুব হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেকারি পণ্য-বোঝাই নসিমন গাড়ি নিয়ে মেহেদী হাসান বাবরা রেলগেটের লাইনের ওপর আটকে পড়েন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন নসিমনটিকে ধাক্কায় দেয় এবং ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৈহিদুর রহমান জানান, শহর থেকে বেকারি পণ্য নিয়ে নসিমন চালিয়ে বাবরা গ্রামের দিকে যাচ্ছিলেন মেহেদী হাসান। পথে বাবরা রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর আটকে যায় তার নসিমন গাড়িটি। ওই সময় গাড়িটি ঠেলে সরাতে গেলে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী হাসান।