লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে বিবদমান অসন্তোষ এবং সিরিয়াল অফিস দখলকে কেন্দ্র করে গত বুধবার শ্রমিকনেতা সাজ্জাদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের একাংশের নেতা সাজ্জাদ বুধবার দুপুরে অস্ত্রশস্ত্রসহ তার দলবল নিয়ে এসে বুড়িমারী-লালমনিরহাট সড়ক অবরোধ করে শ্রমিকদের সিরিয়াল অফিস দখল করে নেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাজ্জাদ হোসেন, আবু হানিফ ও আরিফুল হাসান চমনকে আটক করে।
সাজ্জাদ বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের একটি অংশের নেতৃত্ব দেন। বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজ্জাদের সাথে সরদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এই দুই গ্রুপের মধ্যে এর আগে সড়ক অবরোধসহ একাধিকবার অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সাজ্জাদের বিরুদ্ধে এর আগের দায়েরকৃত দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এ ছাড়াও থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তির কারণে সাজ্জাদ এবং অপর দু’জনের বিরুদ্ধে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।