হবিগঞ্জের চুনারুঘাটের পল্লীতে গরু চুরির অপবাদ দিয়ে দুই দরিদ্র শিশুকে গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়েছে ইউপি সদস্যসহ মাতব্বররা। এ ঘটনায় ইউপি সদস্য মমিনা খাতুনসহ দু’জনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের মনফর উল্লার স্ত্রী মমিনা খাতুন। তিনি ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার। একই ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রউফ। তাদের শুক্রবার দুপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, ঘটনাটি ৪ মার্চে আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের।বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। শিশু নির্যাতনের ঘটনাটি ফেসবুকে প্রকাশ হওয়ার পর আমাদের নজরে আসে। তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দু’জনকে আটক করি। পরে আহত শিশুর নানী বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৩ জনের নামে মামলা করেন।