নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় সাদ্দাম হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে সবুজসহ ও অজ্ঞাত পরিচয়ের আরো দুই যুবক।
শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সতিহাটের পূর্ব পার্শ্বের জ্যালাঘাটি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার মৈনম মোল্লাপাড়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে। আহত সবুজ রায়পুর গ্রামের রাজেন্দ্রনাথের ছেলে। অপর দু’জনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে সতিহাট বাজার থেকে তারা দুটি মোটরসাইকেল নিয়ে মৈনম বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে নওগাঁর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সাদ্দাম হোসেন ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের ওপর পড়ে যায়। এ সময় সাদ্দামের মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং অপর দু’জনের মেরুদণ্ড ও হাঁটুতে আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ হোসেনকে ভর্তি নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুমূর্ষু সাদ্দাম ও অপর জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে দেলুয়াবাড়ি পৌঁছালে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



