পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৭ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলার বানুরহাট বাজার এলাকা থেকে কষ্টিপাথরের এ বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি পাচারের দায়ে তিনজনকে আটক করা হয়। তারা হলো- দেবীগঞ্জ উপজেলার বন্দীরাম এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে মোঃ শাহীন (৪০), তেঁতুলিয়া উপজেলার কৃষ্ণকান্ত জোত এলাকার মৃত আমানত আলীর ছেলে মো: হাবিবুর রহমান (৪৮) ও মো: একরামুল হকের ছেলে মো: শহিদুল (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কষ্টিপাথরের মূর্তি ক্রয়-বিক্রয় হবে এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তিন ব্যক্তি বানুরহাট এলাকায় অবস্থান করছে এমন তথ্য আসে গোয়েন্দা পুলিশের কাছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বানুরহাট বাজারে আশপাশ ও দোকানে ওঁৎ পেতে থাকেন। উপপরিদর্শক মো: আবু হোসেনের নেতৃত্বে একটি ফার্মেসিতে প্রবেশের সময় ১৭ কেজি ওজনের বিষ্ণুমূর্তিসহ তিনজনকে আটক করা হয়।
জব্দকৃত কষ্টি মূর্তিটির উচ্চতা ২৯ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন ১৭ কেজি। অনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম জানায়, গোয়েন্দা পুলিশের অভিযানে একটি বিষ্ণুমূর্তিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।