২০১৮, ২০১৯ ও ২০২০ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এ ছাড়া অসাধারণ গবেষণা কর্মের জন্য অনুষদের ৬ জন শিক্ষককেও ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ভিসি বলেন, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে শিক্ষার্থীদের পরিবেশ, জলবায়ু, ভূগর্ভস্থ সম্পদ ও সামুদ্রিক সম্পদ বিষয়ে যুগোপযোগী গবেষণা পরিচালনা করতে হবে।
আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভিন্ন বিভাগের চেয়ারপারসন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ। এ সময় ভূগোল ও পরিবেশ বিভাগের এমিরিটাস অধ্যাপক নজরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।