পিরোজপুরের কঁচা নদীর টগড়া-চরখালী ফেরি শনিবার রাতে একটি জাহাজের ধাক্কায় ভেঙে যাওয়ায় ১১ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে শনিবার রাত থেকে পিরোজপুরের সাথে দেশের ১১টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এ দিকে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কঁচা নদীর উপর টগরা-চরখালী ফেরিঘাটে ফেরিটি ভেড়ানো ছিল। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি মালবাহী জাহাজ ফেরিটিকে ধাক্কা দিলে ঘাটের গ্যাংওয়ে-সহ ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়। এতে খুলনা, ঢাকা, মঠবাড়িয়া-পাথরঘাটাসহ ১১টি রুটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ প্রসঙ্গে গতকাল রোববার সকালে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু বলেন, জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফেরিটি মেরামতের জন্য সকাল থেকে কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে এটি সচল করা হবে বলে জানান তিনি।