মানিকগঞ্জের সিংগাইরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের পরিবারের লোকজনের মারধরে ছোট ভাই কহেল উদ্দিন (৬০) নিহত হয়েছেন।
সোমবার (১১ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে রোববার দুপুরে তিনি আহত হন।
নিহত কহেল উদ্দিন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মরহুম ইন্তাজ উদ্দিন মুন্সীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের জানিয়েছে, কহেল মুন্সী ও তার বড় ভাই ইসলাম মুন্সীর মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার দুপুর দেড়টার দিকে কহেল মুন্সী ও তার প্রবাস ফেরত ছেলে শাহানুর বসত-বাড়ির সীমানা পরিষ্কার করতে যান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে বড় ভাই ইসলাম মুন্সী (৬৫), স্ত্রী কুলসুম (৫৫), ছেলে হৃদয় (২৪), মেয়ে রোজিনা (২৮) ও নাতনী কনক (১৮) লাঠি-সোটা নিয়ে কহেল মুন্সী ও তার ছেলে শাহানুরকে বেধড়ক মারধর করেন। একই সাথে তার অসুস্থ স্ত্রী সাফিয়া খাতুনকেও প্রহার করেন তারা। এতে কহেল মুন্সীসহ তার পরিবারের তিনজনই আহত হন। গুরুতর অবস্থায় কহেল মুন্সীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। অপর আহতরা এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
নিহত কহেল মুন্সীর মেয়ে রৌশনারা বলেন, ‘দিন-দুপুরে অতর্কিতভাবে আমাদের পরিবারের ওপর হামলা করে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। আমি এ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।’



