বিশ্বের ৮০টি দেশকে হারিয়ে ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বাংলাদেশের হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
রোববার এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের উদ্যোগে চুনারুঘাট ডিসিপি হাইস্কুল মাঠে জনসভায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় হাফেজ বশির বলেন, আলহামদুলিল্লাহ, হবিগঞ্জবাসীর দোয়ায় আমি ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি। হাফেজদের সম্মানিত করার উদ্যোগ নেয়ায় সবাইকে ধন্যবাদ জানাই।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেন, হাফেজ বশির আহমেদ বাংলাদেশকে সম্মানিত করায় তাকে সম্মানিত করা হচ্ছে। এই ধারা অব্যাহত রাখলে হাফেজরা আরো অনুপ্রাণিত হবেন। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উন্নত হবে, দেশের সম্মান বাড়বে।
চুনারুঘাট জামেয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা জহুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কারী শুয়াইব আহমদ আশ্রাফী। উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, ওসি হিল্লোল রায়সহ অনেকে।