রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ড হাউলি কেউটিল অলিমুদ্দিন পাড়ার ইসমাঈল মোল্লার (মেম্বার) বড় ছেলে শহীদুল মোল্লা শহিদ (৪৫) ব্রেন স্ট্রোক করে কুয়েতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
শহিদুল ১৯৯৮ সাল থেকে কুয়েতের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। মাঝে মধ্যে তিনি দেশের বাড়িতে আসতেন। বাড়িতে তার এক স্ত্রী ও কলেজপড়ুয়া দুই ছেলেমেয়ে আছে। মৃত্যুর দুই মাস আগে কর্মরত অবস্থায় হঠাৎ তিনি ব্রেইন স্ট্রোকে অসুস্থ হয়ে পড়লে তাকে কুয়েতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যু পর্যন্ত তিনি ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে তার মৃত্যু হয় বলে তার ছোটভাই সালমান ফার্সি আলম জানান।
শহিদুল ও তার পরিবার এক সময় দৌলতদিয়া ইউনিয়নের বনভাওইল গ্রামে বাসিন্দা ছিল। কিছুুদিন আগে নদীভাঙনের শিকার হয়ে তারা গোয়ালন্দ পৌরসভার বর্তমান ঠিকানায় বসতি স্থাপন করেছেন।
সালমান ফার্সি জানান, তার ভাইয়ের লাশ আজ মঙ্গলবার সকালে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাড়িতে আসার কথা রয়েছে।