পাবনার সাঁথিয়া উপজেলাধীন গোপিনাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সোয়া ১০টায় সাঁথিয়া উপলোর গোপিনাথপুর বাজারের দোকানঘরে আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ছয়টি দোকান। এ সময় দেরিতে পৌঁছানোর অভিযোগে কিছু ব্যক্তি ফারায় সার্ভিসের গাড়ি ভাঙচুর করে। এতে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ভুক্তভোগীরা জানান। দোকানদার মাসুদ জানান, তার দোকানঘরে নগদ টাকাসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ছিল। কোনো মালামাল উদ্ধার করতে পারিনি। সব পুড়ে গেছে।
এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। সাঁথিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা অর্ঘ দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের কর্মরত ব্যক্তিকে লাঞ্ছিতসহ ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর হয়েছে। তদন্ত করে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানানো যাবে। তিনি আরো বলেন বাজারে যেসব দোকান রয়েছে সেখানে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটতেই পারে।



