সিরাজগঞ্জের তাড়াশে ভুট্টা ক্ষেত থেকে এক নবজাতকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার জানান, শিশুটি সুস্থ আছে।

মঙ্গলবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মো: মেহেদি হাসান ম্যাগনেট জানান, সকালে স্থানীয় লোক মারফত তিনি খবর পান যে একটি মেয়ে নবজাতক চরহামকুড়িয়া গ্রামের ভুট্টা ক্ষেতে চিৎকার করছে। এরপর তিনি তাড়াশ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ঘটনাটি জানান। পাশাপাশি গ্রাম পুলিশ রাজিব কুমার দফাদার ও সাইফুল ইলামকে দায়িত্ব দেন নবজাতকের সুরক্ষার জন্য। এরপর তারা ওই গ্রামের বাসিন্দা শামীম রেজা ও লাবনী দম্পতির সহায়তায় দুপুর ১২টার দিকে নবজাতকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মোনোয়ার হোসেন জানান, নবজাতক সুস্থ আছে।

শামীম-লাবনী দম্পতি জানান, তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবুও তারা বাচ্চাটিকে দত্তক নিতে চান।

তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, আইনগতভাবে নিঃসন্তান দম্পতি ছাড়া বেওয়ারিশ শিশুকে দত্তক দেয়ার নিয়ম নেই। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।