মানিকগঞ্জের সিংগাইরে পবিত্র কুরআন পোড়ানো ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা অভিযুক্ত মুকবুল হোসেনকে (৩০) গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের সাতটি মসজিদের মুসুল্লিরা মিলে বাস্তা গ্রামের মো: মতিউর রহমানের ছেলে মকবুল হোসেনের বিরুদ্ধে কুরআন শরীফ পোড়ানো ও অবমাননার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বাস্তা বাসস্ট্যান্ডে জড়ো হয়ে তারা হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাস্তা-গাজিন্দা মাদরাসা পর্যন্ত মিছিল করেন।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আবদুল কুদ্দুস, মাওলানা আলাউদ্দিন, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আব্দুল হাকিম ও মাওলানা আব্দুল আলীম প্রমুখ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন পূর্বে মকবুল নিজ বাড়িতে কুরআন শরীফ পুড়িয়ে ফেলে। প্রতিবেশিরা তাকে বোঝানোর চেষ্টা করলে তিনি আরো বেপরোয়া হয়ে ওঠে। বিভিন্ন জনকে মকবুল আরো কুরআন শরীফ পোড়ানোর হুমকি দিয়ে মোবাইলফোনে ভয়েজ রেকর্ড পাঠায়। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ মুখর হয়ে ওঠে। পরে তারা মকবুলের শাস্তির দাবিতে আন্দোলনে নামেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।