শিক্ষায় একুশে পদকে ভূষিত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত সোমবার রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের ইছাখালী এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এরশাদ মাহমুদ। উদ্বোধনী বক্তব্য রাখেন নন্দশ্রী ভিক্ষু। সুজিত তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন রাঙ্গুনিয়া বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্ঘের সভাপতি জ্ঞানবংশ মহাস্থবির, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া, স্থপতি বিজয় শঙ্কর তালুকদার, শিক্ষক বিষু কুমার বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা ব্যানারে বিভিন্ন স্তরের বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, মানবাধিকার ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গত ৮ মার্চ সকালে নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে ড. জিনবোধি ভিক্ষুর ওপর অতর্কিত হামলা করা হয়েছে দাবি করে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।