নওগাঁর মান্দায় শয়ন ঘর থেকে মল্লিকা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করার সময় তার স্বামী মহসীন আলী মণ্ডলকে (৫০) আটক করে পুলিশ।

আটক মহসিন আলী প্রসাদপুর ইউনিয়নের চকখোপা গ্রামের মরহুম আহম্মদ আলী মণ্ডলের ছেলে। অপরদিকে নিহত মল্লিকা বেগম পাশ্ববর্তী গণেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মফের আলীর মেয়ে। তাদের এক ছেলে এবং এক মেয়ে সন্তান আছে।

স্থানীয়রা জানান, মল্লিকা বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগ, পাইলস, পেট ব্যথা ও দাঁতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। কিছু দিন আগে তার একটি অপারেশনও করা হয়েছিল।

মহসিন আলীর ভাই মোজাম্মেল বলেন ভোর রাতে আমার মা সাহরি খাওয়ার জন্য আমার ভাই মহসিনকে ডাকতে যায়। এ সময় বাড়ির পাশের একটি ধানক্ষেতে তাকে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে ঘরে গিয়ে দেখা যায় আমার ভাবির লাশ পড়ে রয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী এ ঘটনায় বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় গৃহবধূ মল্লিকা বেগমের গলায় আঙুলের ছাপ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ওসি আরো বলেন, এ ঘটনায় গৃহবধূর স্বামী মহসিন আলীকে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানোসহ থানায় মামলা করা হয়েছে।