বাংলাদেশের নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন শ্রেণিপেশার ৬০ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া হচ্ছে। উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের উদ্যোগে তার ব্যক্তিগত অর্থায়নে প্রতি বছরের মেেতা এবারো উপজেলায় সাতটি ইউনিয়নে ৬৩ ওয়ার্ডের প্রতিটি ঘরে এ ইফতার সামগ্রী দেয়া হচ্ছে।
মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় এ কাজে সহযোগিতা করছেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের স্বেচ্ছাসেবীরা। ইফতারের প্রতিটি প্যাকেটে রয়েছে তেল, চিঁড়া, ছোলা, সেমাই, খেজুর, দুধ, চিনিসহ ১১ ধরনের ইফতার ও খাদ্যসামগ্রী। এ বিষয়ে মিরাজুল ইসলাম বলেন, আমি ও আমার পরিবার সবসময় ভাণ্ডারিয়ার মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। বৈশ্বিক আর্থিক সঙ্কটের বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। রমজান মাসে সবাই যাতে রোজা রাখতে পারেন সে লক্ষ্যে আমাদের এ আয়োজন। বিগত করোনার সময়েও উপজেলার প্রায় ৬০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া হয়েছিল।



