নরসিংদীর পলাশে মফিজ উদ্দিন নামে এক ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে টাকাভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মফিজ উদ্দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছিনতাইকৃত টাকার ব্যাগে প্রায় ২৫ লাখ টাকা ছিল বলে তিনি জানান। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে মফিজ উদ্দিনের স্ত্রী বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো চার-পাঁচজনকে অভিযুক্ত করে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত ব্যবসায়ী মফিজ উদ্দিন উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রাম এলাকায় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনের একটি সুপার শপের মালিক।

থানায় লিখিত অভিযোগগে বলা হয়, গত ৮ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রমজান মাসকে সামনে রেখে সুপার শপের মালামাল কেনার জন্য স্থানীয় হাবিব মিয়াকে সাথে নিয়ে মফিজ ২৫ লাখ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। এ সময় কাজীরচর গ্রামের নতুন ঈদগাহ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মফিজ উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পরে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ভুক্তভোগী মফিজ উদ্দিন বলেন, কিছুদিন আগে আবুল বাশার নামে এক ব্যক্তির সাথে সুপার শপের পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। ওই ঘটনার জেরেই আবুল বাশার সন্ত্রাসী মৃদুল, টুটুল ও বিজয়সহ প্রায় ২০-২৫ জন সন্ত্রাসীকে নিয়ে তাকে আক্রমণ করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।