কর্ণফুলীর নদীতে তিন দিন পর চন্দ্রঘোনা ফেরি চলাচল শুরু হয়েছে। গত ৯ মার্চ নদীর তলদেশ খননকাজে নিয়োজিত একটি ড্রেজিং মেশিন (ক্রেন) দুর্ঘটনায় পড়ে নদীতে ডুবে যায়। এর পর থেকে চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার রাতে নদীতে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধার করা হয়। এরপর গতকাল বুধবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়। সেই সাথে রাঙ্গামাটি-বান্দরবান-চন্দ্রঘোনা সড়কে দূরপাল্লার যানবাহন চলাচলও স্বাভাবিক হয়।
রাঙ্গুনিয়া ও কাপ্তাই সীমান্তবর্তী চন্দ্রঘোনার কর্ণফুলী নদী এলাকায় অসংখ্য চর জেগে ওঠায় নৌ-চলাচল ব্যাহত হয়। নদীতে ভাটার সময় বালুচরের কারণে ফেরি চলাচল প্রায়ই বন্ধ রাখতে হয়। চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীর দু’পাড়ে অসংখ্য গাড়ি পারাপারের জন্য অপেক্ষা করছে। এ সময় ফেরিতে চলাচলকারী চালক এবং যাত্রীরা ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
রাঙ্গামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ও উপ সহকারী প্রকৌশলী রবিউল আউয়াল বলেন, তিন দিন পর চন্দ্রঘোনা ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। কর্ণফুলী নদীর তলদেশ খনন পরবর্তী সময় নির্ধারণ করে জানানো হবে।