ফরিদপুরের বোয়ালমারী থেকে বাংলাদেশে আমদানি নিষিদ্ধ এবং চলাচলের অনুমতি নেই এমন একটি ৩৫০ সিসির মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ৩৫০ সিসির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই মোটরসাইকেলটির বাংলাদেশে চলাচলের এখনো অনুমতি মেলেনি। গাড়িটির মূল্য সাত লাখ টাকার বেশি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করা হয়। গাড়িটির কোনো নম্বর প্লেট নেই।

এর আগে, বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রাম নিবাসী মেহেদী হাসান আব্দুল্লাহর ওই গাড়িটির ওপর বসা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, ৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই গাড়িটির বাংলাদেশে চলাচলের অনুমতি নেই। গাড়িটি কোথা থেকে কিভাবে বোয়ালমারীতে এলো, তার তদন্ত চলছে।

তিনি বলেন, ‘আমাদের কাছে একটা ছবি আছে। ছবিতে ওই গাড়িটির পাশে একজন দাঁড়িয়ে আছে। দেখি গাড়িটি কেউ দাবি করে কিনা, তা না হলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে গাড়িটি বোয়ালমারী আনার পেছনে কারা জড়িত জানা যাবে। এ ঘটনায় মামলা হবে।’