নওগাঁর মান্দায় মাছবাহী ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাসেল হোসেন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক সড়কের জোতবাজার মীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল আহম্মেদ উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মোতাহার হোসেনের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাসেল হোসেন তার মোটরসাইকেলে করে উপজেলা সদর প্রসাদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ঘাতক ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।