ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কফিল উদ্দীন নামের এক কাঠ ব্যবসায়ী মুখে চেতনানাশক ওষুধ ছিটিয়ে তাকে অজ্ঞান করে তার কাছ থেকে দুই লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে কিছু দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। কফিল উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মরহুম মংলু মোহাম্মদের ছেলে।
কফিল উদ্দীন জানান, গত বৃহস্পতিবার রাত ১০টায় লাহিড়ী হাটে কাজ শেষে মোটরবাইকযোগে বাড়ি ফেরার পথে সাবাজপুর গ্রামের চা বাগানের কাছে কিছু চিহ্নিত দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে আটকে দেয়। তখন তার কাছে দুই লাখ ১৩ হাজার টাকা ছিল। দুর্বৃত্তরা তার চোখেমুখে চেতনানাশক ওষুধ ছিটিয়ে দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এবং সেই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পথচারীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



