মানিকগঞ্জের সিংগাইরে বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বাসের ধাক্কায় মীর সাব্বির নামে সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্র নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) দুপুর ২টায় নামাজে জানাজা শেষে সাব্বিরের লাশ নিজ গ্রাম উপজেলার ধল্লা মধ্যপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

মীর সাব্বির ওই গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়,‘শুক্রবার বিকেলে উপজেলার ফোর্ডনগর বিল্লাল অ্যাকাডেমি মাদরাসা থেকে ছোট ভাইয়ের সাথে দেখা করে পাশের গাজিন্দা গ্রামের বন্ধু রানার মোটরসাইকেলে চড়ে সাভারে ঘুরতে যায়। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের ইউটার্নে সন্ধ্যা ৭টার দিকে তাদের মোটরসাইকেলকে পেছন দিক থেকে আসা রাজধানী নামের একটি বাস ধাক্কা মারে। এ সময় সড়কের আইল্যান্ডের সাথে লেগে চালক রানার হাত পা ভেঙ্গে যায়। অপরদিকে, মোটরসাইকেলের পেছনে বসে থাকা মীর সাব্বির গুরুতর আহত হয়। পরে দু’জনকেই সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকাল ৭টার দিকে মীর সাব্বির মারা যায়। বাসটিকে সাভার হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে ।

ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।