গোয়ালন্দে বছরের প্রথম বৈশাখী ঝড় বয়ে গেছে। এতে ভেঙ্গে পড়া গাছের চাপা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মা ও ছেলে।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ বয়ে যায় এ কালবৈশাখী ঝড়।
জানা যায়, ঝড়ে গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড হাউলি কেউটিল রেলসড়কে আব্দুল মোতালেব প্রামানিকের বাড়িতে হঠাৎ ভেঙ্গে পড়ে প্রায় ৪০ ফুট লম্বা একটি নারকেল গাছ। নারকেল গাছটি মোতালেবের টিনের দোচালা রান্নাঘর ছুঁই ছুঁই করে তার উঠানে পড়ে। গাছটি পড়ার মুহুর্তে মোতালেব প্রামানিকের কলেজ পড়ুয়া ছেলে আরিফুল ইসলাম পরাগ ও তার মা পাখি বেগম রান্না ঘর থেকে বেড়িয়ে অন্য ঘরে যাচ্ছিলেন। ঠিক এ মুহুর্তে গাছটি তাদের পাশে ধপাস করে মাটিতে পড়ে। এ সময় তারা চিৎকার করে দৌড়ে ঘরে লুকান। এতে ভাগ্যক্রমে তারা প্রাণে রক্ষা পায়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মোতালেব প্রামানিক ও প্রতিবেশী সৌরভ বলেন, গাছ ভেঙ্গে রান্না ঘরের ওপরে পড়লে তারা মারা যেত বা তাদের শরীরের ওপরে পড়লেও চাপায় পড়ে মৃত্যু হতে পারতো। আল্লাহ মালিক তাই হয়তো তারা প্রাণে রক্ষা পেয়েছেন।



