চকরিয়ায় পৌর যুবলীগের সভাপতিসহ দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত হাসানগীর হোছাইন (৩৬) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার মো: হোছাইনের ছেলে ও পৌর যুবলীগের সভাপতি। অপরজন বেলাল উদ্দীন উদ্দিন কামরান (২৮), ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার নুর মোহাম্মদের ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা বলে জানা যায়।
স্থানীয়রা ও পৌর যুবলীগের সভাপতির ছোট ভাই হোসাইনগীর জানান, ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন ও বেলাল উদ্দীন কামরানসহ মোটরসাইকেলযোগে ভরামূহুরী বাড়ি থেকে চিরিংঙ্গা স্টেশনে আসার পথে থানা রাস্তা সড়কের ফায়ার সার্ভিসের এলাকায় পৌচলে চার-পাঁচজন দূর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাদের দু’জনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে দা ও কিরিচ দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা।
আহতদের পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুজে বের করা হবে বলে তিনি জানান।



