ফরিদপুরের বোয়ালমারীতে মোসলেম শেখ (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মার্চ) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে লাশ উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজারে অবস্থিত নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের সাত ছেলেমেয়েদের মধ্যে ছয়জনের দাবি ‘আত্মহত্যা’ হলেও নিহতের বড় মেয়ে সালমা বলছেন ঘটনাটি ‘সন্দেহজনক।’
তিনি বলেছেন, ইজিবাইকচালক মেজ ভাই বাবুল শেখের সাথে বাবা থাকত। বাবুল শেখ, তার ছেলে ও স্ত্রী বাবার সাথে খারাপ ব্যবহার করত। ওদের অত্যাচারে বাবা আত্মহত্যা করে থাকতে পারেন। ওরা বাবাকে খেতে দিত না। ওদের অত্যাচারে ১৯ বছর আগে মাও বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরো বলেন, বাবার নামের টাকা ও জমি বাবুল শেখ জোর করে নিয়েছে।
লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো: কাজী আবুল বাশার জানান, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, আমি এই মুহূর্তে বাইরে আছি। শুনেছি জেনুইন সুইসাইড। তারপরও পোস্ট মর্টেম করা লাগবে কিনা সে ব্যাপারে আমি লাশ দেখে সিদ্ধান্ত নেব।



