দীর্ঘদিন আত্মগোপনে থাকা সৌদিয়া বহুমুখী প্রকল্প নামের কথিত পরিচালক এবাদুল ওরফে সাজ্জাদ শেখকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার মিরপুর থেকে র্যাবের সহযোগিতায় গত বুধবার রাতে ইন্দুরকানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সাজ্জাদ শেখ একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে চাকরি দেবার নামে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার কলারন গ্রামের ফজলুর রহমান শেখের ছেলে সাজ্জাদ শেখ শ্যামলী থানায় ২০০৭ সালে একটি প্রতারণা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার গ্রেফতারের সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী, মোড়েলগঞ্জ ও পিরোজপুর সদর উপজেলার শত শত ভুক্তভোগী নারী-পুরুষ ইন্দুরকানী থানার সামনে বিচারের দাবিতে বিক্ষোভ করে।



